করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে শুরু করেছে ভারত। কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার ও মৃত্যু। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। এই রাজ্যেও কমতির দিকে রয়েছে নতুন সংক্রমণ ও মৃত্যু।
গতকাল শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১ হাজার ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮১৯ জন। আর শুধু কলকাতায় এই ২৪ ঘণ্টায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। কলকাতায় মৃতের সংখ্যা ৫।
এই সময় রাজ্যের ২৩টি জেলার মধ্যে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুরা, পুরুলিয়া, কালিম্পং, কোচবিহার ও আলীপুরদুয়ার—এই ১৫ জেলায় কেউ করোনায় মারা যাননি।









