লকডাউনে কেউ কেউ শুটিং করছেন। আপনিও শুটিংয়ে নাকি?
তিন দিন টানা শুটিং ছিল। লকডাউনের কারণে ক্যানসেল হয়েছে। বাসা থেকে একদমই বের হই না।
‘এখানে কেউ থাকে না’-এর ট্রেলার দেখে মনে হলো হরর ধাঁচের নাটক।
এই ধরনের নাটকে আগে অভিনয় করা হয়নি। হররের পাশাপাশি সুপারন্যাচারাল ব্যাপারও আছে। আমি এত দিন ধরে যত ধরনের চরিত্রে অভিনয় করেছি, এমন গল্প পাইনি। আমার মনে হয়, দর্শকেরা এই ধরনের নির্মাণও দেখেননি। অনিমেষ আইচ আমার দীর্ঘদিনের বন্ধু, একসঙ্গে থিয়েটার করেছি, ও যেভাবে এবং যে বিষয়ে গল্পটা বলতে চেয়েছে, পেরেছে। টেলিভিশনে এখন যে ধরনের নাটক চলে, তার চেয়ে ভিন্নভাবে গল্পটা বলতে চেয়েছে।
বন্ধু পরিচালক বলেই কী এসব বলছেন?
আমি তো আগেও ওর পরিচালনায় কাজ করেছি। এবার মনে হয়েছে, অনিমেষ আরও বেশি মগ্ন হয়ে কাজ করেছে। বন্ধু তো বন্ধুত্বের জায়গায়। এই নাটকে সত্যিই সে নিজেকে ছাড়িয়ে গেছে। অনেক বেশি সিনসিয়ার ছিল, যদিও সব সময় থাকে। অনেক ভালো অভিনয়শিল্পীরাও যুক্ত ছিলেন। অনেক ভালোবেসে গল্পটা বলতে চেয়েছে, মনে হয়েছে।

নাটক দেখে দর্শক ভয় পাবেন তো?
ভয়ের চেয়েও দর্শক নানা রকমের অনুভব পাবেন। এটার মধ্যে কমেডি যেমন আছে, তেমনি ভালোবাসা, হিংসা ও সম্পর্কের খেলা আছে। এককথায় অনেক ধরনের মিশেল আছে। নাটকে আমি হাকিম নামের একজন সচেতন থিয়েটারকর্মী। বাকিটা দর্শকেরা দেখুক, নিজেরা জানুক।



















